মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন ৪ সদস্য, শপথ সন্ধ্যায়
- প্রকাশের সময়: ০৫:৩৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ২১
আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ (ওপরে বাঁ থেকে), সাচিং প্রু জেরী, মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হলেন। এর মধ্যে অন্তত তিনজনের নিয়োগের বিষয়টি প্রায় নিশ্চিত হওয়া গেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই এই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্ভাব্য নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে। বিএনপির একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানান, রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের আজ সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের যাতায়াতের জন্য প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের একটি সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদার ভিত্তিতে ইতিমধ্যে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে।
সম্ভাব্য নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া চারজনের মধ্যে ড. আবদুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রধান। গত নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে তিনি ভোলা-১ আসন থেকে জয়লাভ করেন।
অন্যদিকে, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী পার্বত্য অঞ্চলের বান্দরবান আসন থেকে এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন।
এ ছাড়া মন্ত্রীর পদমর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পাঁচজনসহ মোট ১০ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন, যাঁরা মন্ত্রিসভার প্রত্যক্ষ সদস্য নন।
আজ শুক্রবার নতুন করে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৫৩। এর ফলে বর্তমানে মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর সংখ্যা বেড়ে হবে ২৮ এবং প্রতিমন্ত্রীর সংখ্যা ২৫ হবে ।






