বগুড়ায় স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থী নিহত, আহত ১০
- প্রকাশের সময়: ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ৭
বগুড়ায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিক্ষার্থী নিহত এবং ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বগুড়া সদরের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষাথীর নাম কানিজ ফাতেমা সোহা (১৪)। সে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। নিহত সোহা সদরের খামারকান্দি পশ্চিমপাড়ার শফিকুল ইসলামের মেয়ে।
ওই শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরুপ রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়। বিকেল সোয়া ৫টায় পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরেই কানিজ ফাতেমা সোহা মারা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলের পাশেই ইটভাটা রয়েছে। ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এতে সড়কের একপাশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। বেশির ভাগ সময়ই ওই স্থানে ইট রাখা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুুলিশ গিয়েছিলো। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







